সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের সময় রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান। আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে এসে বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে।
সহযাত্রী মৌয়ালরা চিৎকার করে লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি পরে সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তির বাবা মালেক গাজী বলেন, “আমরা সবাই একসাথে মধু সংগ্রহে গিয়েছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।”
স্বজনরা জানান, বাবলু গাজীর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ফিরে আসা মৌয়ালরা বলেন, সুন্দরবনে মধু সংগ্রহ সবসময়ই ঝুঁকিপূর্ণ। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করতে হয় তাদের।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হলেও সুন্দরবনে এ ধরনের দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আহত মৌয়ালের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।