সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা, সুপেয় পানির সংকট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগব্যবস্থা নিয়ে নানা দাবি তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ১৭৩ নম্বর সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক, সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাছুদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মাছুদুল আলম, মাস্টার আবু তালেব সাগর, আমজিয়াদ হোসেন ও ইকবাল হোসেন মন্টু। তাঁরা সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি এবং আত্মসমর্পণের পরও কারও কারও পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সুন্দরবন ও উপকূলীয় জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
এ ছাড়া মেগা প্রকল্পের রাস্তার সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ, সড়কের স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিশ্চিত করা এবং প্রকল্পের নকশা জনসমক্ষে প্রকাশের দাবি জানান স্থানীয়রা। অসমাপ্ত খাল খননসহ প্রকল্পের বিভিন্ন কাজ দ্রুত ও পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করার বিষয়েও তাঁরা গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় সুপেয় পানির সংকট, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসুবিধা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ এবং ভূমিহীনদের বসতির ব্যবস্থার বিষয়গুলোও উঠে আসে। পাশাপাশি দৃষ্টিনন্দন এলাকার উন্নয়ন ও সংরক্ষণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের বক্তব্য শুনে জেলা প্রশাসক কাউসার আজিজ সুন্দরবনে জলদস্যু দমনে সরকারের সমন্বিত উদ্যোগের আশ্বাস দেন। গাবুরায় সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। মেগা প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার বিষয়েও আশ্বাস দেন জেলা প্রশাসক। উপকূলীয় ও দুর্যোগপ্রবণ গাবুরার মানুষের প্রত্যাশা, উন্নয়ন প্রকল্পের সুফল তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। স্থানীয়দের দাবি, নিরাপদ সুন্দরবন, টেকসই যোগাযোগব্যবস্থা, সুপেয় পানি, উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।
Reporter Name 

























