অনলাইন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এ সংখ্যা ছিল ২০২। অর্থাৎ, এবার শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, এ বছর ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে, এবার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।
সাহিত্যপাতা 







































