জানুয়ারিতে ৪৮৭ সড়ক নিহত, মোটরসাইকেল আরোহী বেশি
নতুন বছরের প্রথম মাসেই দেশের সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারিতে ৫৫৯টি দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছেন। নিহতদের বড় অংশই মোটরসাইকেল আরোহী এবং পথচারী।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট দুর্ঘটনার ৩৭.২০% মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে ১৯৬ জন নিহত হয়েছেন। এছাড়া পথচারী ১৩২ জন প্রাণ হারিয়েছেন, যা মোট নিহতের ২৭%।
সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে (৩৭.০৩%), এরপর জাতীয় মহাসড়ক (২৭.৯০%), শহরের সড়ক (১৮.৪২%) এবং গ্রামীণ সড়ক (১৫.২০%)। দুর্ঘটনার প্রধান কারণ ছিল চালকের নিয়ন্ত্রণ হারানো (৩৭.৩৮%), মুখোমুখি সংঘর্ষ (২৪.১৫%) এবং পথচারী চাপা (২৪.৫০%)।
ভৌগোলিকভাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে, ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে, যেখানে ২৪টি দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪১ জন আহত।
গত বছরের জানুয়ারির তুলনায় মৃত্যুর দৈনিক গড় ১৯.৬১ থেকে কমে ১৫.৭০ জনে নেমেছে। তবে রোড সেফটি ফাউন্ডেশন মনে করছে, এটি টেকসই উন্নতি নয়। তারা জানিয়েছে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না করা।
সংস্থা জানিয়েছে, দুর্ঘটনা রোধে চালক প্রশিক্ষণ বৃদ্ধি, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা জরুরি।




























