বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি
সাহিত্যপাতা
প্রকাশের সময়
০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
/
৯
বার দেখা হয়েছে
রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়
সংযুক্ত আরব আমিরাতের Dubai Taxi Company চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে। এ লক্ষ্যে আগামীকাল থেকে বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হচ্ছে। আজ রোববার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়। বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশি চালকেরা দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বিদেশে সুনাম অর্জন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী কোম্পানিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়েও যেন কর্মীদের বেতন–ভাতার ব্যবস্থা রাখা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী নিয়োগের বিষয়েও গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিনচালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি। দক্ষতা ও দায়িত্বশীলতার কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয় বলেও তারা উল্লেখ করেন। তারা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম ধাপে প্রায় দেড় হাজার চালক বাছাই করা হবে। পরে পর্যায়ক্রমে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগ দেওয়া হবে।
বৈঠকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে একজন চালকের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী ঋণ নিয়ে বিদেশে যান। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি। এ সময় কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, চালকের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও তাদের আগ্রহ রয়েছে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।