শিরোনাম
কবিতার ফেরিওয়ালা
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৭৭ বার দেখা হয়েছে
কনক কুমার প্রামানিক
কাব্যের সুখ স্পন্দন আন্দোলিত করে প্রতি অন্তর
ফেরি করি সাহিত্যের সুধা
হৃদয়ের সরুপথে বিচরণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত
অমৃতের ভান্ড হতে যৎসামান্যই বিকবো।
প্রভাত হতে গোধূলি
রৌদ্রের প্রখরতা আর বৃষ্টির জল উপেক্ষা করে
সদা সহাস্য বদনে কাব্য বিলানোর উন্মুক্ত সুখ
দ্বারে দ্বারে জ্ঞানের আলোকবর্তিকা হাতে।
সুখ প্রস্ফুটিত প্রশস্ত বদন
একাগ্র চিত্তে মসির সঙ্গে চলে প্রণয় আলাপন
সুবিশাল সাহিত্যাকাশে জ্বলজ্বল করে কাব্য সম্ভার
কাঁধের বৃহৎ ঝুলির অন্দরে সঞ্চিত কাব্য আধার।
হতে চাই নিবেদিত এক কাব্যের ফেরিওয়ালা
নিবারণ করতে সাহিত্যের প্রখর তৃষ্ণা
সুরে সুরে আবাহন করি সকলেরে
কবিতা চাই ! কবিতা?






















