সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
- প্রকাশের সময় ০৪:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৩৮ বার দেখা হয়েছে
আগামী ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যবসায়ী সমিতির সম্মেলনকক্ষে হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ মো. দ্বীন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার উদ্যোগে ‘হাজী সম্মেলন-২০২৬’ আগামী শনিবার সকালে তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আলহাজ মো. দ্বীন আলী। সম্পাদক আলহাজ ডা. আবুল কালাম বাবলার তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করবেন আলহাজ শেখ নিজাম উদ্দীন। সম্মেলনে সাতক্ষীরার সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। সম্মেলনে হজের হকিকত, ফরজ হজ আদায় না করলে বিধান, হাজিরা আল্লাহর মেহমান—এ ঘোষণার তাৎপর্য, কল্যাণকর সমাজ গঠনে হজের শিক্ষা এবং সমাজে হাজিদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আয়োজকেরা বলেন, প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরা জেলার হাজিদের একত্রিত করে মক্কা, মদিনা ও আরাফাতের স্মৃতি স্মরণ, হজের শিক্ষা সমাজে প্রতিফলন এবং দেশ ও জাতির জন্য দোয়া ও কল্যাণ কামনা করা হবে।ডেলিগেট কার্ড সংগ্রহকারী জেলার পুরুষ ও নারী হাজিদের যথাসময়ে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

























