আকাশে ভাসে সারাক্ষণ,
চোখ রাঙিয়ে দ্রুত পালিয়ে যায়।
তপ্ত দুপুরে ধেয়ে আসে আগুনঝরা রোদ,
শাবকহারা ফড়িং পুড়ে যাওয়ার ভয়ে
বিবর্ণ হলুদ পাতায় লুকায় নিজের শরীর।
লাল পিঁপড়া দলে দলে ছাড়ে বসতভিটা,
খাল-বিলে শুকিয়ে যাওয়া মাছের কঙ্কাল
চিবিয়ে খাওয়ার ঝগড়ায় মেতে ওঠে-
বেজি আর ঘড়িয়াল।
গর্ভবতী বেজির প্রাণ হারানোর আশঙ্কায়
স্বামী বেজি বিক্রমে ছাপিয়ে পড়ে -ঘড়িয়ালের উপর।
জীবন বাজি রেখে চালিয়ে যায় লড়াই ।
হঠাৎ নিস্তব্দতা নেমে আসে,
থেমে যায় পাখির কলকাকলি!
ঊর্ধ্বশ্বাসে পালায় খেঁকশিয়াল,
চাতক পাখির আর্তনাদে –
অবশেষে ভারি হতে থাকে পোয়াতি মেঘ ;
একটা, দুইটা করে জড় হয় জোঁকের ভ্রূণ।
মাজহারুল ইসলাম 








































