সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন- মাদক ও চুরি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানার ওসি মোহা. শফিকুল ইসলাম বলেন, মূলত মাদকসেবীদের কারণেই এলাকায় চুরির উপদ্রব বাড়ছে। মাদক ক্যান্সারের চেয়েও ভয়াবহ সামাজিক ব্যাধি, যা একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক ও চুরির বিরুদ্ধে কোনো রাজনৈতিক বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চোর ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি হওয়া মালামাল কেনাবেচা বন্ধে ভাঙারির দোকানগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এলাকায় কেউ মাদক বিক্রি, সেবন কিংবা চুরির অপরাধে জড়িত থাকলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সাধারণ মানুষের সুবিধার্থে তিনি তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেন। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেন তিনি। সিটি কলেজ মোড়স্থ সাধারণ ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আরিফ আহমেদ এবং সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দিয়ে মাদক ও চুরিমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিরোনাম
মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ : ওসি শফিকুল ইসলাম
-
Reporter Name - প্রকাশ 09:15:32 pm, Tuesday, 27 October 2026
- 100 Time View
Tag :
জনপ্রিয়







































