ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোট নেওয়া হবে বিকেল ৪টা পর্যন্ত।
আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচ প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন—যাঁদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।
সাহিত্যপাতা 







































