সাতক্ষীরায় সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত
- প্রকাশের সময় ০১:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৩০ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: সারা দেশের মতো সাতক্ষীরা জেলাতেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবির জানান, চলতি বছর জেলায় মোট ২১ হাজার ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ৫১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২৯টি এসএসসি, ১৪টি দাখিল এবং ৮টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে।
তিনি আরও জানান, এবারের পরীক্ষায় দায়িত্ব পালনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করছেন, যা রোটেশনাল ডিউটি হিসেবে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়াবে।























