ঈদের দিন গোপালগঞ্জে সড়কে ঝরল ৫ প্রাণ
- প্রকাশের সময় ০১:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৯ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসা. খাদিজা খাতুন (৩৫) এবং একই এলাকার আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। নিহত শিশুসহ আরও দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটিকে এড়াতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন।























