না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর। গত বৃহস্পতিবার অভিনেতার নিজস্ব এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতি অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যালঝাইমার্স ডিজিজ ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হয় এই অভিনেতার। শেষ সময়ে তার পাশে ছিলেন স্ত্রী সানি। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুর খবর জানানো হচ্ছে। জীবনের শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন তিনি। এ সময় তার পাশে ছিল লাইভ সংগীত, প্রার্থনা, কান্না ও হাসি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার মানুষদের সান্নিধ্যে ছিলেন অভিনেতা। ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। ছয় দশকেরও বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র ও ব্রডওয়েতে কাজ করেছেন তিনি। হলিউডে পরিচিতি পাওয়ার আগে মঞ্চাভিনেতা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ১৯৬৬ সালে রয়্যাল শেক্সপিয়র কোম্পানিতে যোগ দেন তিনি। সেখানে প্রায় ১৪ বছর কাজ করে অভিনয়জগতে নিজের দক্ষতার পরিচয় দেন। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান প্যাট্রিক। এই চরিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রফেসর চার্লস জেভিয়ারের ভূমিকায় অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন। ফ্র্যাঞ্চাইজিটির একাধিক সিনেমায় দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি মানবাধিকার, গার্হস্থ্য সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা, শরণার্থীদের অধিকার, প্রবীণ সেনাকর্মীদের মানসিক স্বাস্থ্যসেবা এবং পশুকল্যাণের মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন প্যাট্রিক। এসব বিষয়ে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন তিনি। নাট্যজগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও নিজের জন্মস্থান ইয়র্কশায়ারের সঙ্গে বরাবরই নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন এই অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন প্যাট্রিক স্টুয়ার্ট। তার গভীর কণ্ঠস্বর, অভিনয়দক্ষতা ও পর্দায় ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি তাকে বিশ্বজুড়ে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত করে তুলেছিল। তার মৃত্যুতে হলিউড ও আন্তর্জাতিক বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।
শিরোনাম
মারা গেছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট
-
বিশেষ প্রতিনিধি - প্রকাশ 07:08:15 pm, Friday, 30 October 2026
- 106 Time View
Tag :
প্যাট্রিক স্টুয়ার্ট
জনপ্রিয়











































