আগামী ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক মূল্যায়ন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো ইতোমধ্যে এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসগুলোকে নির্দেশনা পাঠিয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের ২৪ অক্টোবরের জুম মিটিংয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা আগামী ১ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে গ্রহণ করতে হবে। নির্দেশনা অনুযায়ী, ২৩ ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করে ২৪ ডিসেম্বর ফল প্রকাশ ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক স্তরে প্রতি শিক্ষাবর্ষে তিনটি প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এর মধ্যে তৃতীয় প্রান্তিকই হলো বার্ষিক মূল্যায়ন।
- প্রাক-প্রাথমিক: কোনো লিখিত মূল্যায়ন / পরীক্ষা হবে না।
- ১ম থেকে ৩য় শ্রেণি: ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণি কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন।
- ৪র্থ ও ৫ম শ্রেণি: লিখিত সামষ্টিক মূল্যায়ন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি প্রান্তিকে ধারাবাহিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন – এই দুই ধরনের মূল্যায়ন করা হয়। শুধুমাত্র শিক্ষক সহায়িকা নির্ভর বিষয়সমূহে ১০০% ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।
সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মূল্যায়নের প্রস্তুতি চলছে। সাতক্ষীরার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা ইতোমধ্যে সিলেবাস শেষ করে রিভিশন ক্লাস নিচ্ছেন।
শিক্ষকরা জানান, মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ সময়মতো শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা কর্মকর্তারা বলেন, পরীক্ষার সময় শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে আনন্দময় পরিবেশে প্রস্তুতি নিতে সাহায্য করুন। নিয়মিত বিদ্যালয়ে পাঠান।
বিশেষ প্রতিনিধি 









































