লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, গুম-খুন ও ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে, আর ছাড় নয়। বৃহস্পতিবার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ নির্মাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নকে সরকারের রাজনীতির লক্ষ্য হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রভুদের খুশি করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারাদেশে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, হামলা, গুম-খুনসহ বিভিন্ন ষড়যন্ত্র করছে। এবার তাদের সমুচিত জবাব দেওয়া হবে, আর ছাড় নয়। বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এসব সন্ত্রাসী ও খুনিদের জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই, দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাজনীতি করতে চাই। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চাই। তিনি বলেন, যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন বক্তব্য দেন। এ ছাড়া রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বিশেষ প্রতিনিধি 













































