তৈরি পোশাকশিল্পে শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আশুলিয়া, সাভার ও আশপাশের এলাকায় উৎপাদন চালাতে ব্যর্থ কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিও (বিকেএমইএ) এ সিদ্ধান্তে যুক্ত রয়েছে। মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে সংশ্লিষ্ট কারখানাগুলো বন্ধ রাখা হবে।
সংবাদ ব্রিফিংয়ে মাহমুদ হাসান খান বলেন, নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে পোশাকশিল্পে অস্থিরতা তৈরি হয়েছে। আশুলিয়া, সাভার ও গাজীপুরের কয়েকটি কারখানায় গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া, কারখানায় ভাঙচুর এবং অন্য কারখানার শ্রমিকদের কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে। তিনি জানান, চলমান পরিস্থিতিতে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এতে দেশের রপ্তানি আয় ও পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
বিজিএমইএ সভাপতি বলেন, কারখানার নিরাপত্তা ও উৎপাদনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়ায় মালিকেরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি সরকারের দ্রুত হস্তক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিজিএমইএ ও বিকেএমইএ এক বিবৃতিতে পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা, শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে মালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
বিশেষ প্রতিনিধি 














































