সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে এ সময় কোনো চোরাশিকারীকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, ব্যারাকখাল এলাকায় চোরাশিকারীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালান। অভিযানকালে বনাঞ্চল থেকে ৪১টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ফাঁদগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, সুন্দরবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।
এদিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ফজলুল হক সাধারণ মানুষকে বন ও বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
সাহিত্যপাতা 



























