শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- প্রকাশের সময় ০৫:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৩ বার দেখা হয়েছে
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২:৩০ মিনিটে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শহর সেক্রেটারি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক জয়দেব শর্মা আয়োজকদের এমন ইতিবাচক ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতি শ্রেণী থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

























