নিজস্ব প্রতিবেদক: ক্যান্সার, হৃদরোগ, কিডনি, লিভার ও থাইরয়েডসহ বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশের আরও পাঁচ জেলায় নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।
প্রস্তাবিত কেন্দ্রগুলো স্থাপন করা হবে সুনামগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী ও পটুয়াখালীর সরকারি মেডিকেল কলেজ এবং কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। অনুমোদন পেলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। পুরো অর্থায়ন হবে সরকারি কোষাগার থেকে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ২২টি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র রয়েছে। তবে সব জেলায় এ সেবা না থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। নতুন কেন্দ্র স্থাপনের মাধ্যমে জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং বড় শহরের ওপর নির্ভরতা কমানোই এ উদ্যোগের লক্ষ্য।
তবে ভূমি উন্নয়ন, ভবন নির্মাণ ও প্রকল্প অফিসসহ কয়েকটি খাতের প্রস্তাবিত ব্যয় বেশি বলে মনে করছে পরিকল্পনা কমিশন। এসব খাতে ব্যয় কমানোর সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক বলেন, একনেকে অনুমোদন পেলে প্রকল্পের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন কেন্দ্র স্থাপনের পাশাপাশি বিদ্যমান কেন্দ্রগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করা জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেনের মতে, কার্যকর সেবা নিশ্চিত করতে চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতাও বাড়াতে হবে।
Reporter Name 









































