ভালোবাসার মানুষের জন্য হাজারো ব্যস্ততার মাঝেও সময় বের করে নেওয়ার নামই ভালোবাসা। সেই ভালোবাসারই এক মিষ্টি দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে কারওয়া চৌথের বিশেষ গুরুত্ব উপলব্ধি করে কনসার্ট সফরের ব্যস্ততা সামলে বিশেষ এই দিনে পরিবারের কাছে ফিরেছেন তিনি। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।
৩০ অক্টোবর ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কারওয়া চৌথ উদ্যাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতেই বিশেষ দিনটি উদ্যাপন করেন তাঁরা। ছবিতে নিক জোনাস ও তাঁদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও দেখা যায়। ছবির ক্যাপশনে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার মানুষটির মতো আর কেউ নেই, তুমিই সেরা।’ তিনি জানান, কারওয়া চৌথ তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা নিককে আলাদা করে বোঝাতে হয়নি। বরং নিজের উদ্যোগেই কনসার্ট সফরের ব্যস্ত সূচি সামলে এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে থাকার ব্যবস্থা করেছেন নিক। স্বামীর এমন ভালোবাসার প্রশংসা করে প্রিয়াঙ্কা লেখেন, ‘এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।’
বিশেষ দিনটিতে লাল রঙের শারারায় সেজেছিলেন প্রিয়াঙ্কা। শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মেয়ে মালতির ছোট্ট জুতা দিয়ে নিজের মুখ আড়াল করে রেখেছেন নিক। অন্য ছবিতে কারওয়া চৌথের ঐতিহ্যের অংশ হিসেবে মঙ্গলসূত্রসহ নিজের সাজসজ্জার বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরেছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই নিকের প্রশংসা করেছেন। এক ভক্ত লিখেছেন, প্রিয়াঙ্কার সংস্কৃতিকে নিক যেভাবে সম্মান করেন এবং নিজের জীবনের অংশ করে নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আরেকজন মন্তব্য করেছেন, বিদেশে বসবাস করলেও নিজের শিকড় ও সংস্কৃতিকে ভুলে যাননি প্রিয়াঙ্কা।
বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে ‘বার্নিং আপ ট্যুর অল ওভার অ্যাগেইন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নিক। গত ২০ আগস্ট নিউইয়র্ক থেকে শুরু হওয়া এই সংগীত সফর চলবে ডিসেম্বর পর্যন্ত। সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে কনসার্ট করার কথা রয়েছে তাঁদের। অন্যদিকে, কাজের ব্যস্ততায় রয়েছেন প্রিয়াঙ্কাও। এস এস রাজামৌলির পরিচালনায় ‘বারাণসী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বিরাজ সুকুমারন। উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।
বিনোদন ডেস্ক 







































