সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলার ছয়টি উপজেলার আটটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ থেকে দশম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী শ্রেণিভিত্তিক পৃথক প্রশ্নপত্রে এ মেধা যাচাই প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলার বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিকরা। পরিদর্শকরা বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, জ্ঞানচর্চা ও মানসিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনের বিষয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন গতানুগতিক পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়, সে লক্ষ্যেই এ আয়োজন। এর মাধ্যমে তাদের জ্ঞানের পরিধি বাড়বে। কিশোরকণ্ঠের সঙ্গে যুক্ত থেকে তারা ভবিষ্যতে মেধাবী, সৎ ও নৈতিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এ মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বাড়বে এবং পাঠাভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি কিশোর অপরাধের প্রবণতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। প্রায় তিন হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধাবীদের বাছাই করে তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এদিকে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন আয়োজনের অংশ হতে পেরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে। ভবিষ্যতেও মেধা বিকাশের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাদের।
মাসুদ রানা 










































