- সুরাইয়া খাতুন
একসময় ছেলে সাংবাদিকতা করে শুনলে মেয়ের বাবারা বিয়ের বৈঠকেই মুখের ওপর না করে দিতেন। এমন গল্প হরহামেশাই শোনা যেত। এক সাংবাদিক গেছেন মেয়ে দেখতে। কথাবার্তা প্রায় চূড়ান্ত। এমন সময় পাত্রীপক্ষের একজন জানতে চাইলেন, ‘বাবা, সাংবাদিকতা করো ভালো কথা। কিন্তু পাশাপাশি আর কী চাকরি করো?’ প্রশ্ন শুনে পাত্র তো লাজবাব! শেষ পর্যন্ত বিয়েটাই ভেস্তে গেল।
সময় বদলেছে। সাংবাদিকতা এখন তরুণদের কাছে আগ্রহের একটি পেশা। বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমেও কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু সাংবাদিকতার প্রসার বাড়লেও পেশার মান ও মর্যাদা কতটা বেড়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।
সাতক্ষীরার কথাই ধরা যাক। দৃষ্টিপাত, দৈনিক পত্রদূত, আলোর পরশ, দক্ষিণের মশাল, সাতক্ষীরা সংবাদ, সাতক্ষীরা খবর, সাতক্ষীরার সকাল, সাতনদীসহ একাধিক স্থানীয় সংবাদপত্র রয়েছে। পাশাপাশি জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও কাজ করছেন। জেলার সাতটি উপজেলায় প্রতিদিন নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার খবর সংগ্রহ করছেন সংবাদকর্মীরা। কৃষি, সুন্দরবন, নদীভাঙন, জলাবদ্ধতা, সীমান্ত, স্বাস্থ্য ও শিক্ষা—কত বিষয়েই না তাঁদের কাজ করার সুযোগ রয়েছে।
কিন্তু এই পেশায় দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি কিছু অনিয়মও চোখে পড়ে। নামসর্বস্ব সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করে কেউ কেউ ব্যক্তিগত প্রভাব বিস্তার ও সুবিধা আদায়ের চেষ্টা করেন। কারও হাতে ক্যামেরা, কারও হাতে বুম, গলায় পরিচয়পত্র। পদবিরও অভাব নেই। কেউ প্রতিনিধি, কেউ বিশেষ প্রতিনিধি, কেউ ব্যুরোপ্রধান, আবার কেউ সম্পাদক।
প্রশ্ন হলো, পরিচয়পত্র থাকলেই কি সাংবাদিক হওয়া যায়? প্রেস ক্লাবের সদস্য হলেই কি পেশাগত যোগ্যতা প্রমাণিত হয়?
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার, ভয় দেখিয়ে সুবিধা আদায় কিংবা ব্যক্তিগত বিরোধকে সংবাদে রূপ দেওয়ার প্রবণতা পেশাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এসব কর্মকাণ্ডের দায় দায়িত্বশীল সাংবাদিকদের ওপর চাপানো ঠিক নয়। তবে এ ধরনের প্রবণতা বন্ধে প্রকৃত সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে।
সাতক্ষীরায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও প্রেস ক্লাব রয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে এসব সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু সংগঠনের পদ-পদবি কিংবা সদস্যসংখ্যা বাড়লেই সাংবাদিকতার মান বাড়ে না। সাংবাদিকদের মধ্যে বিভক্তি ও নেতৃত্বের বিরোধও পেশার জন্য ইতিবাচক নয়। প্রয়োজন ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা।
এবার সম্পাদকদের কথায় আসি। একটি সংবাদপত্রের সম্পাদক শুধু নামের পদবি নন। কোন সংবাদ প্রকাশিত হবে, কীভাবে হবে এবং সংবাদটির তথ্য কতটা নির্ভরযোগ্য—এসব বিষয়ে সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ১৯৭৩ সালের মুদ্রণযন্ত্র ও প্রকাশনা আইনে সম্পাদকের দায়িত্ব ও যোগ্যতার বিষয় উল্লেখ রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে সম্পাদনার দক্ষতার চেয়ে পদবিটিই বেশি গুরুত্ব পাচ্ছে।
একটি মজার ঘটনা মনে পড়ছে। একটি সাহিত্য পত্রিকার সম্পাদকের সঙ্গে সহকর্মীদের বৈঠক চলছে। সম্পাদক সেদিন বেশ উত্তেজিত। সবাইকে ধমকাচ্ছেন। এমন সময় উপস্থিত এক সরলমনা ছড়াকার তাঁকে বললেন, ‘ভাই, আপনি তো সম্পাদক। পরীক্ষা নিলে আপনি নিজেই উপসম্পাদক হতে পারবেন কি না, সন্দেহ আছে। তাই বলে কি কেউ আপনাকে অবহেলা করে?’
কথাটি শুনে উপস্থিত সবাই বিব্রত হয়ে পড়েন। গল্পটির সত্যতা যাচাই করা না গেলেও প্রশ্নটি যথার্থ। সম্পাদক হলেই কি সম্পাদনার যোগ্যতা থাকে? মালিক কাউকে সম্পাদকের দায়িত্ব দিতে পারেন, কিন্তু সেই দায়িত্ব পালনের মতো দক্ষতা তাঁর থাকা প্রয়োজন।
চিকিৎসক হতে পড়াশোনা ও প্রশিক্ষণ লাগে, পাইলট হতে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হয়। সাংবাদিকতার ক্ষেত্রেও পড়াশোনা, প্রশিক্ষণ ও নিয়মিত চর্চার বিকল্প নেই। তবে সাংবাদিকতা বিভাগে পড়লেই কেউ দক্ষ সাংবাদিক হয়ে যান না। আবার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে ভালো সাংবাদিক হওয়া সম্ভব।
একজন সাংবাদিককে সংবাদ বুঝতে হবে, তথ্য যাচাই করতে হবে, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নিতে হবে। সংবাদ আর মতামতের পার্থক্যও জানতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা অনুমানকে সংবাদ হিসেবে প্রকাশ করা যাবে না।
সম্প্রতি সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য গণমাধ্যম, তথ্য যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজনও হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সাতক্ষীরা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ পেশাগত দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তাই তুলে ধরে।
একটি প্রেসকার্ডের ওজন কয়েক গ্রাম। কিন্তু সাংবাদিকতার দায়িত্বের ওজন অনেক বেশি। একটি ভুল সংবাদে মানুষের সম্মানহানি হতে পারে, একটি অসত্য তথ্য সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে। আবার একটি বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
সাংবাদিকতা কোনো ব্যক্তিগত প্রভাব বিস্তারের মাধ্যম নয়। এটি মানুষের জানার অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম তুলে ধরা এবং সত্যনিষ্ঠ তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বশীল পেশা। তাই পরিচয়পত্রের দাপট নয়, কাজের মধ্য দিয়ে সাংবাদিকের যোগ্যতা প্রমাণিত হওয়া উচিত।
মনে রাখতে হবে, পত্রিকার নাম থাকলেই সংবাদপত্র হয় না, পরিচয়পত্র থাকলেই সাংবাদিক হওয়া যায় না। প্রেস ক্লাবের সদস্যপদও পেশাগত সততার প্রমাণ নয়।
সাংবাদিকতার মর্যাদা রক্ষার দায়িত্ব সাংবাদিকদেরই। যারা এই পেশার পরিচয় ব্যবহার করে অন্য কিছু করছেন, তাঁদের তা বন্ধ করা উচিত।
প্রেসকার্ড মানুষকে আপনার পরিচয় জানায়, কিন্তু আপনার কাজই নির্ধারণ করে মানুষ আপনাকে বিশ্বাস করবে, নাকি এড়িয়ে চলবে।
সাংবাদিক হন, সাংঘাতিক নয়।
লেখক: মহিলা বিষয়ক সম্পাদক, সাহিত্যপাতা।
Suriya Khatun 











































