সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে। বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি ইব্রাহিম গাজী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, নির্যাতিতা শিশুটি জন্মগতভাবে বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। মায়ের অন্য জায়গায় বিয়ে হওয়ায় জন্মের পর থেকেই সে নানির সঙ্গে থাকত। ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ইব্রাহিম। শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ইব্রাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নূরুল আমিন।
সাহিত্যপাতা 











































