সাতক্ষীরায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার বুলিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানার আয়োজনে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
পুলিশ সুপার বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজে যুক্ত রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী এবং সমাজসেবক আব্দুল্লাহ আল সিয়াম। এ সময় শিক্ষার্থী শেখ সাদী ও ফাতিমা জামান বক্তব্য দেন। পরে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার বুলিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মেজবাহ উদ্দিন।
সাহিত্যপাতা 











































