কবিতায় মানবতা, লেখনীতে প্রতিবাদ এবং নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম সুফিয়া কামাল বাংলা সাহিত্য ও সমাজ-সংস্কৃতির ইতিহাসে এক অনন্য নাম। আজ ২০ নভেম্বর তাঁর ২৭তম প্রয়াণ দিবস। ১৯৯৯ সালের এই দিনে ৮৮ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল।
রক্ষণশীল পারিবারিক পরিবেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও নিজের চেষ্টায় বাংলা ভাষা শেখেন তিনি। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। ১৯১৮ সালে কলকাতায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে পরিচয় তাঁর চিন্তা ও সাহিত্যজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামের সান্নিধ্যও তাঁকে অনুপ্রাণিত করে।
১৯২৬ সালে ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’। ১৯৩৮ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’। বইটির ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কবিতার পাশাপাশি গল্প, স্মৃতিকথা ও ভ্রমণবিষয়ক লেখাতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’, ‘শান্তি ও প্রার্থনা’ ও ‘উদাত্ত পৃথিবী’।
সাহিত্যচর্চার পাশাপাশি নারীশিক্ষা, সমঅধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন সুফিয়া কামাল। ১৯৬৯ সালে গঠিত মহিলা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরবর্তী সময়ে সংগঠনটি বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিতি পায়।
ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ১৯৬১ সালে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করার প্রতিবাদে সাংস্কৃতিক আন্দোলনে অংশ নেন। ১৯৬৯ সালে পাকিস্তান সরকারের দেওয়া ‘তমঘা-ই-ইমতিয়াজ’ খেতাব প্রত্যাখ্যান করেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর বাড়ি ‘সাঁঝের মায়া’ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের কাজে ব্যবহৃত হতো।
সাহিত্য ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ নানা সম্মাননা। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
প্রয়াণের ২৭ বছর পরও বাংলা সাহিত্য, সংস্কৃতি ও নারী অধিকার আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। মানবিক চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান নতুন প্রজন্মের কাছেও প্রেরণার উৎস।
সাহিত্যপাতা 














































