জলবায়ু সংকট মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদান, নারী কৃষকের স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত কৃষক-জেলেদের সরাসরি সহায়তার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের গড়েরকান্দা এলাকায় ‘আইল থেকে আন্তালিয়া ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযানের অংশ হিসেবে বেসরকারি সংস্থা স্বদেশ এ কর্মসূচির আয়োজন করে। এতে কৃষক, নারী কৃষক, জেলে ও তরুণসহ প্রায় ৭০ জন অংশ নেন।
নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন মফিজুর রহমান, আব্দুস সামাদ, মলুদা বেগম, কেয়া ঢালী, মনিরা দাস, সোনিয়া খাতুন ও বাচ্চু।
বক্তারা বলেন, জলবায়ু সংকটের জন্য বাংলাদেশের কৃষকরা দায়ী নন, অথচ ক্ষতির ভার তাঁদেরই বহন করতে হচ্ছে। তাই উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান, নারী কৃষকের স্বীকৃতি, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আয়োজকরা জানান, জলবায়ু অর্থায়নে স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদান, কৃষক-জেলেদের সরাসরি সহায়তা, শস্যবিমায় নারী ও বর্গাচাষিদের অন্তর্ভুক্তি এবং অন্যায্য বিদেশি ঋণ বাতিলের দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, ৩০টি নাগরিক সংগঠনের উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’ স্লোগানে দেশের ১৫ জেলায় এ প্রচারাভিযান চলছে।
মোকাররাম বিল্লাহ ইমন 













































