সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অনেকের ধারণা ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতে ইসলামীকে পরাজিত করা হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই মানুষের মন থেকে ইসলামকে সরাতে পারবে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ধলবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ আশা করেছিল জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। রাত সাড়ে ৯টা পর্যন্ত ফলাফল ধারাবাহিকভাবে আসছিল। পরে পরিস্থিতি পরিবর্তন হয়। তবুও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, তাঁর বিজয় মানে জামায়াতে ইসলামীর বিজয় এবং সাতক্ষীরার মানুষের বিজয়। তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে পারেন।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি আল মামুন ও সেক্রেটারি নুর নবী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানের আগে এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।






















