সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে কবি ও সাহিত্যিক রোটারিয়ান স্বপন বৈরাগীর রচিত গল্প সংকলন “বেলা হলো অবেলায়” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নুর মোহাম্মদ পাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার কবি-সাহিত্যিক, ঋষি ফাউন্ডেশনের কর্মকর্তা, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সদস্য, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সদস্য, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সদস্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, স্বপন বৈরাগীর সাহিত্যচর্চা দীর্ঘদিনের। তাঁর নতুন গল্প সংকলন “বেলা হলো অবেলায়” সমসাময়িক সাহিত্যাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে তারা আশা প্রকাশ করেন। সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, সুশৃঙ্খল ও মনোজ্ঞ।