ঔষধ প্রতিনিধিদের সম্মান ও পেশাগত অধিকার রক্ষার দাবিতে সাতক্ষীরার পাটকেলঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিতভাবে দেশের ঔষধশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা, প্রশাসনিক হয়রানি এবং গণমাধ্যমে প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (১১ মে) সকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তার মোড়ে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা, ফারিয়ার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানি ও কর্মপরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
প্রধান উপদেষ্টা মো. জামাল উদ্দিন বলেন, “ঔষধ প্রতিনিধিদের অপমান ও হয়রানি করা মানে পুরো ঔষধশিল্পকে দুর্বল করে দেওয়া। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিনিধিদের ‘দালাল’ বলে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক। আমরা সম্মানজনক কর্মপরিবেশ এবং পেশাগত নিরাপত্তা চাই।” সহ-সভাপতি মো. ওয়াসেক আলী বলেন, “ঔষধশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই শিল্পকে ধ্বংসের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, “আমরা প্রশাসনের সহযোগিতা চাই, হয়রানি নয়। ঔষধ প্রতিনিধিদের মর্যাদা রক্ষায় কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।” এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং পেশাগত সম্মান রক্ষা ও হয়রানি বন্ধের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।