পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ আবারও ভয়াবহ সহিংসতায় কেঁপে উঠেছে। মঙ্গলবার (১২ মে) লাক্কি মারওয়াত জেলার সারাই নওরং তহসিলে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বান্নু হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানিয়েছেন, বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এটি গাড়িবোমা ছিল নাকি আত্মঘাতী হামলা—তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।
নিহত দুই পুলিশ সদস্যকে আদিল জান ও রাহাতুল্লাহ হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা ঘটনাস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।
Sarai Naurang এলাকায় ব্যস্ত একটি চত্বরে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণের পর আশপাশের দোকান ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর দ্রুত ডিএসপি নওরং সার্কেলের নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। প্রমাণ সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
Rescue 1122 জানিয়েছে, তারা দ্রুত অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করেছে।
Sohail Afridi ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুলিশ প্রধানের কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন এবং নিহতদের পরিবারের জন্য সহায়তা ও আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
এর আগে শনিবার রাতে একই প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। ধারাবাহিক এসব হামলার কারণে খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।