কাল আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী
- প্রকাশের সময় ১২:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১০৭ বার দেখা হয়েছে
কাল ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী, রসায়নবিদ, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী। ১৮৬১ সালের এই দিনে তিনি তৎকালীন যশোর জেলার (বর্তমান খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার) রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন হরিশ্চন্দ্র রায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। প্রফুল্ল চন্দ্র রায়ের শিক্ষাজীবনের সূচনা হয় তাঁর পিতার প্রতিষ্ঠিত এমই স্কুলে। পরে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন। অসুস্থতার কারণে কিছুদিন গ্রামের বাড়িতে ফিরে এলেও পরবর্তীতে কলকাতার অ্যালবার্ট স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষার জন্য স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিএসসি ও ডিএসসি ডিগ্রি অর্জন করেন।
গবেষণায় তিনি বিশেষ কৃতিত্ব অর্জন করেন। তাঁর গবেষণার অন্যতম বিষয় ছিল কপার-ম্যাগনেশিয়াম শ্রেণির যৌগ। অসামান্য গবেষণা অবদানের জন্য তিনি হোপ পুরস্কারে ভূষিত হন। ১৮৮৮ সালে দেশে ফিরে শিক্ষকতা ও রসায়ন গবেষণায় আত্মনিয়োগ করেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন ভারতের প্রথম রসায়নভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা। বিজ্ঞানচর্চার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, শিক্ষা বিস্তার এবং সমাজসংস্কারে তাঁর অনন্য অবদান আজও বাংলাদেশ ও ভারতজুড়ে সমানভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে কাল সকাল ১০টায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা জেলার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত তাঁর পৈতৃক বাসভবন প্রাঙ্গণে আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। পরে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, স্মৃতিচারণ ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে তাঁর ১৬৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে।আয়োজকরা নতুন প্রজন্মের কাছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বৈজ্ঞানিক অবদান, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জীবনাদর্শ তুলে ধরার আহ্বান জানিয়েছেন।




























