ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ৩ ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ৩ জন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্টেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের ৩ উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি 







































