সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রেও বিঘ্ন ঘটছে। শূন্যপদ পূরণ না হওয়ায় অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারছে না। এ অবস্থায় সরকারি চাকরিতে পাঁচ লাখের বেশি শূন্যপদে নিয়োগের উদ্যোগ আশার সঞ্চার করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ছিল ১৯ লাখ ৮৬ হাজার ২৭২। এর বিপরীতে কর্মরত ছিলেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ শূন্যপদ ছিল পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি, যা অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ। এর মধ্যে তৃতীয় শ্রেণির পদ সবচেয়ে বেশি শূন্য। দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শূন্যপদ। জনবল সংকট দূর করতে এসব পদে নিয়োগ জরুরি। তবে শুধু নিয়োগের ঘোষণা দিলেই হবে না, তা বাস্তবায়নে প্রশাসনিক জটিলতাও দূর করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগবিধি হালনাগাদ না থাকা, পদোন্নতিসংক্রান্ত জটিলতা, আদালতে মামলা এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের অভাবে অনেক নিয়োগপ্রক্রিয়া আটকে রয়েছে। এসব প্রতিবন্ধকতা দ্রুত নিরসন করা প্রয়োজন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা। সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে অতীতে ঘুষ, স্বজনপ্রীতি, তদবির ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মের কারণে মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন। অন্যদিকে অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও সেবার মান ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করি, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের এই উদ্যোগকে জনসেবার মান উন্নয়নের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। মেধা ও যোগ্যতাই হতে হবে নিয়োগের একমাত্র মানদণ্ড। রাজনৈতিক পরিচয়, অর্থের লেনদেন কিংবা ব্যক্তিগত সুপারিশ যেন কোনোভাবেই নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পারে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা গ্রহণ, ফলাফল ঘোষণা ও নিয়োগ সম্পন্ন করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করা জরুরি। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের পাঁচ লাখের বেশি শূন্যপদ পূরণের উদ্যোগ সফল হলে একদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও গতি আসবে। তবে সংখ্যার চেয়ে যোগ্যতা ও স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, শুধু পদ পূরণ নয়, দক্ষ ও সৎ জনবল নিয়োগের মাধ্যমেই জনসেবার মান উন্নত করা সম্ভব।
শিরোনাম
সরকারি দপ্তরে পাঁচ লাখের বেশি শূন্যপদ
স্বচ্ছ নিয়োগেই কাটুক জনবল সংকট
-
আব্দুর রহমান - প্রকাশ 06:57:30 pm, Saturday, 14 November 2026
- 144 Time View
জনপ্রিয়
















































