ইতালিতে অনুষ্ঠেয় বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন সাতক্ষীরার সহকারী শিক্ষক মোছা. ফারজানা বানু। তাঁকে ১৪ দিনের জন্য ইতালি যাওয়া ও অবস্থানের অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়। ফারজানা বানু সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আগামী ২৬ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি ইতালিতে অবস্থান করবেন।
১২ নভেম্বর খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ অনুমতি দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়কে তাঁর কর্মকাল হিসেবে গণ্য করা হবে। এ সফরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কোনো আর্থিক দায় থাকবে না। অনুমোদিত সময়ের বেশি তিনি বিদেশে অবস্থান করতে পারবেন না।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, একজন শিক্ষক আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত। তাঁর এই অংশগ্রহণ সাতক্ষীরার জন্য গর্বের বিষয়। তিনি যেন ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বয়ে আনতে পারেন, সে প্রত্যাশা করছি।
বিশেষ প্রতিনিধি 










































