দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ আবেদন নেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হবে। চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
এবার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের শতভাগ উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ছাত্রদের মধ্য থেকে আগের নিয়ম অনুযায়ী দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সহায়তার জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
যেভাবে আবেদন করতে হবে:
উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর ফরমটি প্রতিষ্ঠানে জমা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন ও তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে (HSP-MIS) অন্তর্ভুক্ত করবে।
পরে শিক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অনলাইনে পাঠানো হবে।
আবেদনের শেষ সময়:
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা।
অন্যদিকে, উপজেলা বা মহানগর এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা।
নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না।
যেভাবে পাওয়া যাবে উপবৃত্তির টাকা:
শিক্ষার্থী অথবা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ পাঠানো হবে।
আগে থেকেই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় থাকা ছাত্রীদের অথবা যাদের তথ্য HSP-MIS সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে এখনো উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নির্ধারিত নিয়মে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।
বিস্তারিত তথ্য কোথায় পাওয়া যাবে
উপবৃত্তির আবেদন ফরম, সংশোধিত নির্দেশনা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকেও তথ্য ও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
ওয়েবসাইট: https://pmeat.gov.bd
হেল্পলাইন: ০১৯১৬৬৫৮২৩০, ০১৩১৬৬৫৮৫২৯।
সাহিত্যপাতা 









































