দেশের বহু ডাকঘর আজ কার্যত নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে। সমস্যা হলো, আমরা প্রায়ই মনে করি কোনো সেবার পুরোনো ভূমিকা শেষ হয়ে গেলে সেই প্রতিষ্ঠানেরও প্রয়োজন ফুরিয়ে যায়। বাস্তবে বিষয়টি তা নয়। বিশ্বের অনেক দেশেই ডাক বিভাগ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের নতুনভাবে গড়ে তুলেছে। কোথাও তারা লজিস্টিকস সেবা দিচ্ছে, কোথাও ই-কমার্স পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আবার কোথাও আর্থিক ও ডিজিটাল সেবার কেন্দ্র হিসেবে কাজ করছে। অথচ বাংলাদেশের বিশাল ডাক নেটওয়ার্ক এখনও সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারেনি।
হাজার হাজার ডাকঘর এবং বিপুল জনবল থাকা সত্ত্বেও সেবার পরিধি সীমিত হয়ে পড়েছে। অনেক ডাকঘরে সাধারণ মানুষের যাতায়াত কমে গেছে, কোথাও কার্যক্রম প্রায় বন্ধের মুখে। ফলে একদিকে অবকাঠামো অব্যবহৃত থাকছে, অন্যদিকে রাষ্ট্রকে নিয়মিত পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নয়; বরং রাষ্ট্রীয় সম্পদের অপর্যাপ্ত ব্যবহারেরও উদাহরণ। বর্তমান সময়ে ডাক বিভাগকে নতুনভাবে ভাবার সুযোগ রয়েছে। অনলাইন কেনাকাটা বৃদ্ধির ফলে দেশে কুরিয়ার ও ডেলিভারি সেবার বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। এই খাতে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি সীমিত, সেখানে ডাকঘরগুলো নির্ভরযোগ্য সেবা কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে।
একই সঙ্গে সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা, বিল পরিশোধ, সরকারি ফি জমা, নাগরিক সনদ বিতরণ কিংবা ক্ষুদ্র আর্থিক সেবার ক্ষেত্রেও ডাকঘরকে ব্যবহার করা যেতে পারে। তবে এজন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন এবং কার্যকর সংস্কার। শুধু নাম পরিবর্তন বা নতুন সাইনবোর্ড লাগিয়ে আধুনিকায়ন সম্ভব নয়। সেবার ধরন, কর্মীদের দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ডাক বিভাগকে অতীতের স্মৃতির জায়গা থেকে বের করে ভবিষ্যতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে হবে। আমরা মনে করি, ডাকঘরকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে টেনে নেওয়ার পরিবর্তে এটিকে আধুনিক জনসেবা ও লজিস্টিকস নেটওয়ার্কে রূপান্তরের উদ্যোগ নেওয়া উচিত। দেশের বিস্তৃত ডাক অবকাঠামো সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতেও ভূমিকা রাখতে পারে। ইতিহাসের স্মারক হিসেবে নয়, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ডাক বিভাগকে কাজে লাগানোর এখনই সময়।
Reporter Name 










































