সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুটি ডিঙি নৌকাসহ সাত জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ১৫০ কেজি মাছ, জাল ও কাঁকড়া ধরার ৫৭টি ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রোববার সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলি খাল ও কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খালে অভিযান দুটি চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, তালতলি খাল থেকে কাঁকড়া ধরার একটি ডিঙি নৌকা, ৫৭টি আটুন ও তিনটি ড্রাম জব্দ করা হয়। এ ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, ফিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশ থেকে মাছ ধরার একটি ডিঙি নৌকাসহ সাত জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩০০ ফুট ফাঁস জাল, ১৫০ কেজি মাছ, নয়টি পানির ড্রাম, কর্কশিট, হাইল, দাঁড়, বৈঠা, হুক ও কুড়াল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), শাহাবাজ আলী (৫২), আইয়ুব আলী গাইন (৫৫), ওয়াহিদুল ইসলাম (৫৪), ছালাম গাইন (৫৬), আব্দুর রউফ (৪০) ও মো. আলিম (৩৮)। তাঁদের সবার বাড়ি শ্যামনগর উপজেলার পশ্চিম পাশ্চেমারী এলাকায়।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ আহরণ করলে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 










































