ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জেডি ভ্যান্স
- প্রকাশের সময় ০১:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৩৭ বার দেখা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। পাকিস্তানে পৌঁছানোর পর প্রতিনিধিদলটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা যুক্তরাষ্ট্র-এর সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয়। দেশটি জানায়, আবার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তারা নতুন কৌশলে প্রতিপক্ষের মোকাবিলা করতে প্রস্তুত। এই প্রেক্ষাপটে পাকিস্তান শান্তি উদ্যোগ গ্রহণ করেছে, যা সমর্থন করেছে উপসাগরীয় দেশ কাতার। কাতার জানিয়েছে, তারা উত্তেজনা প্রশমন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা চায় এবং এ লক্ষ্যে পাকিস্তানের উদ্যোগকে জোরালোভাবে সমর্থন করছে। তবে কাতার সরাসরি মধ্যস্থতায় যাচ্ছে না; বরং পর্দার আড়াল থেকে চলমান প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে। এদিকে কাতার সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী অবরোধের ফলে সৃষ্ট পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। সূত্র: আল-জাজিরা




























