সচলের ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
- প্রকাশের সময় ০৫:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ৫১ বার দেখা হয়েছে
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মধ্যে আবারও বন্ধ হয়ে যায় কেন্দ্রটির উৎপাদন। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে এই কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি মেরামত করতে ৪-৫ দিন সময় লাগতে পারে। এর আগে বুধবার দিবাগত রাত ১০টা ২ মিনিটে এই ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে দুটি কোলমিল ভেঙে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে মেরামত কাজ সম্পন্ন করে গত শুক্রবার রাত ৮টা ৭ মিনিটের দিকে কেন্দ্রের উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর পর ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। এই বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট আগে থেকেই বন্ধ রয়েছে। চালু থাকা একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় আবারও এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলো। এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে লোডশেডিং এবং লো ভোল্টেজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।























