সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটসহ দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখিত রুটটি অন্যতম অগ্রাধিকার পাচ্ছে। তিনি জানান, সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করার জন্য আলোচনা চলছে। পাশাপাশি অন্যান্য প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে ওই অঞ্চলে যানজট ও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী জানান, সড়কপথের পাশাপাশি নৌপথেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আরিচা ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার সাম্প্রতিক ঘটনার তদন্তে গাড়ির ব্রেক ত্রুটির বিষয়টি উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে এবার ফেরিতে গাড়ি ওঠানোর আগে ব্যারিকেড ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন গাড়ি প্রবেশ করতে না পারে।
এ ছাড়া সদরঘাট এলাকায় স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না; তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এজন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, দেড় কোটির বেশি মানুষের ঈদযাত্রা এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে এবারের ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে যাত্রী ভোগান্তি ও দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।