প্রকাশের সময়
০৫:১৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
/
৩১
বার দেখা হয়েছে
ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি সূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। আসর শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে দলটি। আগামী ৬ জুন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাফবোরোতে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ শুরুর এক মাস আগে এই প্রস্তুতি সূচি প্রকাশ করেছে। ৬ থেকে ১০ জুনের মধ্যে মোট ১২টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হবে।
আসন্ন বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, ভারত নারী ক্রিকেট দল, নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল, পাকিস্তান নারী ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
১২ জুন বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। আর বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
গ্রুপ পর্বে এরপর বাংলাদেশের ম্যাচ সূচি—১৭ জুন লিডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুন ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। সেই সিরিজে অংশ নেবে নেদারল্যান্ডসও।