“সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান যাচাই, অনলাইনে আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবার কার্যক্রম ঘুরে দেখেন। মেলায় মোট ১৬টি স্টল অংশ নেয়।
স্টল পরিদর্শনের সময় জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং ভূমি–সংক্রান্ত সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল নামজারি কার্যক্রমের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সেবাগ্রহীতারা।
সাহিত্যপাতা 










































