মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট লাগানো কঠিন বিবেচনায় এ সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বিআরটিএর চেয়ারম্যানের বিবেচ্যপত্রে বলা হয়েছে, দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে মোটরসাইকেল প্রায় ৫০ লাখ, যা মোট নিবন্ধিত মোটরযানের প্রায় ৭৪ শতাংশ। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট লাগানো কঠিন।
এ ছাড়া বিষয়টি নিয়ে মোটরসাইকেল মালিকদের বিভিন্ন মতামত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার এবং অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।
প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে নম্বরপ্লেট লাগাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল। তবে সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়টি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত আগের নির্ধারিত সময়সীমাই কার্যকর বলে বিবেচিত হবে।
বিশেষ প্রতিনিধি 






































