সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে নতুন প্রজন্মকে যুক্ত করার আহ্বান
- প্রকাশের সময় ০৬:১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০৪ বার দেখা হয়েছে
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস গৌরবময়। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলনেও সাহিত্য-সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে “কাব্য ক্যানভাসে অনুভব” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমানে সাহিত্য-সংস্কৃতিচর্চা নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে দেশের কৃষ্টি, ঐতিহ্য ও সভ্যতা তুলে ধরতে সাহিত্যচর্চার পরিবেশ আরও বিস্তৃত করতে হবে।
দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে সাহিত্য সংগঠন ‘আবৃত্তি ইশ্কুল’। প্রদর্শনীতে খুলনার কবি-সাহিত্যিকদের কবিতা, অণুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক স্থান পায়। আয়োজকদের ভাষ্য, অতীত ও বর্তমান প্রজন্মের সাহিত্যিকদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেসিসি প্রশাসক ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের আয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সংগঠনের সভাপতি আফরোজ জাহান চৌধুরী কলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নাছিমা সুলতানা নিলু এবং জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমানুল মেহেদি মুকুট। পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।

















