সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার (১২ এপ্রিল) দুপুরে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অপচেষ্টার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অভিযানটি চালানো হয়। এতে ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল অংশ নেয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত অভিযানে চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাসভবন ও গুদাম থেকে ৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুত করার দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি করে জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছিল। একজন জনপ্রতিনিধির হেফাজত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।